বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে একটি নতুন সমন্বিত ভ্রমণ প্যাকেজ কর্মসূচি চালু করেছে সৌদি আরব। এতে ভ্রমণকারীরা আলাদাভাবে দূতাবাসে না গিয়ে এক বুকিংয়েই বিমান টিকিট, হোটেল ও ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন।
সৌদির পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশিত বার্তায় এ তথ্য জানা গেছে।
সৌদির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ছাড়া মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর নাগরিকরা এই সুবিধা পাচ্ছেন। এছাড়াও অনুমোদিত এজেন্সির মাধ্যমে প্যাকেজ বুকিং করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ইমেইলে ইলেকট্রনিক ভিসা ইস্যু করা হবে। বর্তমানে ‘রিজারভাল’ ও ‘আলমোসাফের’ নামের দুটি ট্রাভেল এজেন্সিকে এই সেবা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
সৌদির পর্যটন মন্ত্রণালয় আরও জানায়, তিন মাস মেয়াদি এই ভিসায় একবার প্রবেশ করে সর্বনিম্ন ২ দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করা যাবে। প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল এবং প্রতি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার রিয়াল যুক্ত হবে।
এছাড়া ভিসা ও বীমা ফি বাবদ খরচ হবে ৪০২ দশমিক ২১ রিয়াল। এই প্যাকেজে ওমরাহর প্রাতিষ্ঠানিক সেবা অন্তর্ভুক্ত না থাকলেও, ভিসাধারীরা সৌদিতে পৌঁছে মক্কা-মদিনাসহ যেকোনো স্থানে স্বাধীনভাবে ভ্রমণ করতে পারবেন।