সিরিয়া-লেবানন থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের চাপ

সিরিয়া ও লেবানন থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে এই বিষয়টি উঠে আসে বলে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন- সিরিয়ায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি সেখানে উত্তেজনা আরও বাড়াচ্ছে। সেখানে ইসরায়েলের সেনা উপস্থিতি কেউ চায় না। তবে ট্রাম্পের এই আহ্বানের জবাবে নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় ‘নিরাপত্তা অঞ্চল’ বজায় রাখা প্রয়োজন।

তুরস্কে ন্যাটো সম্মেলনের ফাঁকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল-শারার সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর এই ফোনালাপের বিষয়টি সামনে আসে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েলের দখলকৃত সিরীয় ভূখণ্ড থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের মার্কিন পরিকল্পনা থাকলেও, নেতানিয়াহু এ বিষয়ে ছাড় দিতে রাজি নন বলে ওয়াশিংটনের ধারণা।

এদিকে, দক্ষিণ লেবানন থেকেও ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ইতালির রোমে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের বৈঠকে দুটি পরীক্ষামূলক এলাকা থেকে ইসরায়েলি সেনা সরিয়ে সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা হয়। তবে এখনো ইসরায়েল সেনা সরায়নি। লেবানন দ্রুত সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সূচি চাইলেও ইসরায়েলের দাবি, আগে নিশ্চিত হতে হবে সেখানে হিজবুল্লাহর কোনো অস্ত্র বা সামরিক অবকাঠামো নেই। অন্যদিকে, লেবানন চাচ্ছে এই মূল্যায়নের দায়িত্ব মার্কিন সামরিক বাহিনীকে দেওয়া হোক।