সংঘাতের মাঝেও চলছে রাশিয়া-ইউক্রেন সেনাদের মরদেহ বিনিময়

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের মরদেহ বিনিময়ের আরেকটি ধাপ সম্পন্ন করেছে। সর্বশেষ এ বিনিময়ে ইউক্রেন ৫০১ জন সেনাসদস্যের মরদেহ গ্রহণ করেছে, আর রাশিয়া পেয়েছে ৩১ জন সেনার মরদেহ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইউক্রেনের যুদ্ধবন্দিবিষয়ক সমন্বয় সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, মানবিক উদ্যোগের অংশ হিসেবে ৫০১টি মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে তদন্তকারী সংস্থা ও ফরেনসিক বিশেষজ্ঞরা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, একাধিক সরকারি সংস্থার সমন্বয়ে এ প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়েছে। এ প্রক্রিয়ায় সহযোগিতার জন্য আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে ধন্যবাদ জানিয়েছে ইউক্রেন।

অন্যদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস সামরিক সংবাদদাতা আলেকজান্ডার কোৎসের বরাত দিয়ে জানায়, রাশিয়া ইউক্রেনের কাছে ৫০১টি মরদেহ হস্তান্তর করেছে। এর বিনিময়ে ইউক্রেনের কাছ থেকে ৩১ জন রুশ সেনার মরদেহ গ্রহণ করেছে মস্কো।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে নিহত সেনাদের মরদেহ নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়ার চলমান মানবিক উদ্যোগের অংশ হিসেবেই সর্বশেষ এ বিনিময় সম্পন্ন হয়েছে।