মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (ইসলামাবাদ এমওইউ) বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই আহ্বান জানান।
শনিবার (১৮ জুলাই) এক্সে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আলোচনায় কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী দেশটির ভূখণ্ডে চলমান হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সব পক্ষ সংযম প্রদর্শন করবে এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের প্রতিশ্রুতিগুলো পুরোপুরি বাস্তবায়ন করবে।
তিনি আঞ্চলিক সংলাপ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের গঠনমূলক ও মধ্যস্থতাকারী ভূমিকারও প্রশংসা করেন।
জবাবে ইসহাক দার মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, সব রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর আরও জানায়, দার যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানান এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার ওপর গুরুত্ব দেন, যা অঞ্চলের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। সূত্র: আলজাজিরা