তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইসরায়েল : জনজীবন বিপর্যস্ত

মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলে শুরু হয়েছে চলতি মৌসুমের সবচেয়ে ভয়াবহ গ্রীষ্মকালীন তাপপ্রবাহ। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, প্রখর রৌদ্রতাপ ও তীব্র গরমের কারণে সামনের দিনগুলোতে দেশটির তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জর্ডান উপত্যকায় পারদ বেড়ে ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকতে পারে। একই সাথে গ্যালিলি সাগরসংলগ্ন অঞ্চলগুলোতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার পার্বত্য ও অভ্যন্তরীণ এলাকাগুলোতে মারাত্মক শুষ্ক ও চরম উত্তপ্ত আবহাওয়া বিরাজ করছে। বিপরীত দিকে উপকূলীয় সমতল ভূমিতে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম চরম রূপ নিয়েছে।

সপ্তাহের শুরুতে শনিবার থেকেই দেশজুড়ে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে এবং ৪০ ডিগ্রি অতিক্রম করে। ওই দিন জর্ডান উপত্যকার গিলগাল, ক্যাপারনাউম এবং বেইত শিয়ান এলাকায় সর্বোচ্চ ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এমনকি ঐতিহাসিক জেরুজালেম শহরও এই প্রখর রোদের হাত থেকে রেহাই পায়নি। শহরের ওল্ড সিটি এলাকায় তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি হলেও এর নিচু এলাকাগুলোতে তা ৪০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে।

অন্যদিকে উপকূলীয় এলাকায় তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি থাকলেও প্রায় ৭৫ শতাংশ আর্দ্রতার কারণে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বিকেলের দিকে পাহাড়ি ও অভ্যন্তরীণ অঞ্চলে দমকা হাওয়া বইতে পারে।

সোমবার থেকে পার্বত্য ও অভ্যন্তরীণ অঞ্চলের তাপমাত্রায় কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যেতে পারে। তবুও সার্বিক পরিবেশ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উত্তপ্ত থাকবে এবং সারা দেশেই তীব্র অস্বস্তি বজায় থাকবে।

মঙ্গলবার সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি তাপমাত্রা আরও এক ধাপ কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের আশা, বুধবার নাগাদ দেশটির তাপমাত্রা স্বাভাবিক মৌসুমী পর্যায়ে ফিরে আসতে পারে।

সূত্র: আই২৪ নিউজ (i24NEWS)