ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের বর্ষপূর্তিতে তার মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। 

বিভিন্ন শহরে দলের পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দেওয়া হলেও কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের মুখে পড়েন আন্দোলনকারীরা।

পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন, পেশাওয়ারে একটি বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। 

এছাড়া অন্য তিন প্রদেশে আঞ্চলিক ও স্থানীয় নেতাদের সুবিধাজনক স্থানে বিক্ষোভের নির্দেশনা দেওয়া হয়, যেখানে কোনো প্রকার সহিংসতা না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

কর্মসূচি চলাকালে পাঞ্জাব প্রদেশ থেকে পুলিশ পিটিআইয়ের ২০ জনেরও বেশি কর্মীকে গ্রেপ্তার করেছে। 

লাহোরে আয়োজিত বিশাল জনসমাবেশ থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থার ক্যামেরায় নেতাকর্মীদের আটকের ছবি ধরা পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রধান শহরগুলোতে পুলিশি পাহারা বাড়ানো হয়।

এদিকে বিক্ষোভের খবর সংগ্রহের ক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিদেশি সাংবাদিকদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। 

নতুন নিয়ম অনুযায়ী, ইসলামাবাদ, করাচি ও লাহোরে সংবাদ সংগ্রহের জন্য বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি এবং বিদেশি সংস্থায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।