কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান কাভার করতে গিয়ে স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইরের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এ ঘটনা ঘটে। হামলার পর পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি কুড়িগ্রাম সদর হাসপতালে চিকিৎসাধীন।
চিকিৎসাধীন সাংবাদিক মোহাম্মদ জুবাইর অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান কাভার করতে যান। অনুষ্ঠান চলাকালে বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে অডিটোরিয়াম থেকে টেনে বাইরে নিয়ে যায় এবং মোটরসাইকেলে উঠতে বলে। তিনি এতে অস্বীকৃতি জানালে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে। হামলাকারীরা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে অভিযোগ করেন তিনি।
জুবাইর আরও জানান, ঘটনার সময় অডিটোরিয়ামে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ ইবনে সিদ্দীকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ ইবনে সিদ্দীক বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় একজন গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু
ফটিকছড়িতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ
গৃহবধূর সাহসিকতা : কামড়ে রেখে দিলো চোরের আঙুল