ইয়েমেনে যুদ্ধবিরতি ভেস্তে : হুথিদের হামলায় ৩০ সেনা নিহত

ইয়েমেনের মারিব ও হাদরামাউত প্রদেশে সরকারি সামরিক ঘাঁটিতে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নজিরবিহীন হামলায় অন্তত ৩০ জন সৈন্য নিহত হয়েছেন।

আকস্মিক এই হামলায় সামরিক বাহিনীর আরও ৫০ জনেরও বেশি সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সামরিক সূত্রগুলো জানিয়েছে, দুটি পৃথক ঘাঁটিকে লক্ষ্য করে হুথিরা এই দূরপাল্লার ও সরাসরি আক্রমণ চালায়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক উর্ধ্বতন কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনীর ওপর এটিই সবচেয়ে বড় হামলা।

২০২২ সালের এপ্রিলে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এটিই সবচেয়ে বড় সামরিক সংঘাত।

এই রক্তক্ষয়ী ঘটনার মধ্য দিয়ে ইয়েমেনের যুদ্ধবিরতি পরিস্থিতি এবং শান্তিপৌছানোর প্রচেষ্টা বড় ধরনের হুমকির মুখে পড়ল।

ইয়েমেনি সেনাবাহিনী সামরিক ঘাঁটিতে হুথি আক্রমণের সত্যতা স্বীকার করে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করলেও, আনুষ্ঠানিকভাবে কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি।

অন্যদিকে, হুথি বিদ্রোহীরা ঘটনার পরপরই বিস্তারিত না জানিয়ে শীঘ্রই বড় ধরনের সামরিক অভিযানের আনুষ্ঠানিক বিবৃতির ইঙ্গিত দিয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে রাজধানী সানা হুথিদের দখলে যাওয়ার পর থেকেই ইয়েমেনে গৃহযুদ্ধ চলে আসছে।

পরবর্তীতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনর্বাসনে সৌদি জোট লড়াইয়ে যোগ দিলে এই সংঘাত এক দীর্ঘস্থায়ী ও জটিল আঞ্চলিক প্রক্সি যুদ্ধে রূপ নেয়।

সংবাদ সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)