যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান ভূরাজনৈতিক দ্বন্দ্ব নিরসনে নতুন মধ্যস্থতা উদ্যোগ নিয়ে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে তিনি ইসলামাবাদের পাকিস্তান বিমান ঘাঁটি থেকে তেহরানের উদ্দেশে রওনা হন বলে নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থা 'ইরনা'।
ইরানের অভ্যন্তরীণ বিষয়াদি ও মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সফরকালে নাকভি ইরানি নীতি-নির্ধারক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এসব আলোচনায় প্রাধান্য পাবে দুই দেশের মধ্যকার পারস্পরিক নিরাপত্তা স্বার্থ এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা।
উল্লেখ্য, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি ইসলামাবাদ সফর করে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার ঠিক এক মাসের মাথায় এই পাল্টা সফর অনুষ্ঠিত হলো।
এর আগে গত জুনে কাতারকে সঙ্গে নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা রেখেছিল পাকিস্তান।
সূত্র: আল-জাজিরা