পশ্চিম তীরের কুসরা গ্রামে আকস্মিকভাবে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী কয়েকটি ফিলিস্তিনি বাড়ি অবরুদ্ধ করে ফেলে।
এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা অভিযান শুরু হলেও উল্টো প্রায় এক ডজন ফিলিস্তিনি পরিবারকে বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।
অবরোধ চলাকালে রোববার থেকেই ফিলিস্তিনিদের ওই বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় চরমপন্থী বসতি স্থাপনকারীরা। এতে চরম মানবিক সংকটে পড়েন সাধারণ ফিলিস্তিনি বাসিন্দারা।
কুসরা গ্রামের মেয়র আবদেল আজিম ওয়াদি জানান, গ্রামটিকে 'সামরিক অঞ্চল' হিসেবে ঘোষণা করা হয়েছে। খালি করা ফিলিস্তিনি বাড়িগুলোকে বর্তমানে সামরিক ব্যারাক হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী, যদিও সেনারা এটিকে 'বাসিন্দাদের সুরক্ষার উদ্যোগ' দাবি করছে।
এদিকে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সরকারের এক মুখপাত্র জানান, বসতি স্থাপনকারীদের এমন আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি (BBC)