হাঙ্গেরির পূর্বাঞ্চলীয় মেজোকোভেসদ শহরের কাছে পোল্যান্ডের একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোরে সার্বিয়া থেকে পোল্যান্ডে যাওয়ার পথে এম-৩ মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, ৫৭ জন যাত্রী ও দুজন চালক নিয়ে বাসটি নিয়েরেজহাজা শহরের দিকে যাচ্ছিল। সোজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাহনটি খাদে উল্টে গেলে ঘটনাস্থলেই ১১ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স কর্মীরা বাসের জানালা ভেঙে ৩৭ জন আহত যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণেই লাল রঙের পোলিশ বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে।
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাজিয়ার এবং পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কি। ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি জানান, দুর্ঘটনাস্থলে দ্রুত কনস্যুলার সেবা নিশ্চিত করতে কাজ করছে হাঙ্গেরি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, হাঙ্গেরিতে এটি ২০০৩ সালের পর ঘটে যাওয়া সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা। ওই বছর শিওফোক এলাকায় ট্রেনের ধাক্কায় জার্মান পর্যটকবাহী বাসের ৩৩ জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন।
উৎস: হাঙ্গেরির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমটিআই ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।