জাহাজের বিকট ফগ হর্নের শব্দে ঘুম ভেঙে যায় একটি মেরু ভাল্লুকের। উত্তর গোলার্ধ থেকে মাত্র ৬২০ মাইল দূরের নির্জন স্যালবার্ড দ্বীপে ঘটে যাওয়া এই ঘটনায় চটেছে স্থানীয় প্রশাসন। সুদূর নরওয়ের ওই প্রত্যন্ত এলাকায় প্রকৃতির নিয়ম ভাঙায় অভিযুক্ত ব্যক্তির ওপর নেমে এসেছে বড় অঙ্কের শাস্তির খড়্গ।
উপকূলঘেঁষে জাহাজ যাওয়ার সময় স্থলে একটি মেরু ভাল্লুককে ঘুমিয়ে থাকতে দেখেন আরোহীরা। প্রাণীটিকে কাছ থেকে ভালো করে দেখার লোভ সামলাতে না পেরে জাহাজের উচ্চশব্দের ফগ হর্ন বাজিয়ে ওঠেন এক যাত্রী। আকস্মিক সেই বিকট শব্দে তীব্র আতঙ্ক নিয়ে জেগে ওঠে ভাল্লুকটি এবং জীবন বাঁচাতে স্থান ছেড়ে দৌড়ে পালায়।
আইন লঙ্ঘনের এই বিষয়টি স্যালবার্ডের প্রশাসনের নজরে এলে তারা কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে। বন্যপ্রাণীর শান্তি ভঙ্গের দায়ে অপরাধীকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ লাখ টাকার সমান। স্যালবার্ডের পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী বিনা কারণে মেরু ভাল্লুককে বিরক্ত করা বা উস্কানি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
স্যালবার্ডের গভর্নর লার্স ফওস জানান, সেখানে যাতায়াতকারী পর্যটক ও জাহাজ কর্মীদের বন্যপ্রাণীদের সুরক্ষায় অত্যন্ত সতর্ক থাকতে হয়। বন্যপ্রাণী আইন অমান্য করায় অভিযুক্ত ব্যক্তি নিজের ভুল স্বীকার করে জরিমানা দিতে সম্মত হয়েছেন। তবে গোপনীয়তা রক্ষায় সেই ব্যক্তির পরিচয় বা জাতীয়তা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি
ফুটবলের পর এবার ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের!