ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলা, নিহত ৫

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে রাতভর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৫ জন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্যমতে, বুধবার রাতের এই "ম্যাসিভ অ্যাটাকে" আবাসিক অ্যাপার্টমেন্ট ভবন এবং গুদামঘরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে গুঁড়িয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা ইতোমধ্যে ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিসকো জানান, হামলায় একটি শিশু হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে জানালার কাচ ভেঙে চুরমার হয়ে গেছে এবং হাসপাতালের বাইরে রাখা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এছাড়া দক্ষিণ-পশ্চিম কিয়েভের সোলোমিয়ানস্কি এলাকার একটি শিল্পকেন্দ্রও মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভ আঞ্চলিক গভর্নর তৈমুর তকাচেনকো জানান, ব্রোভারি জেলায় হামলায় একজন নিহত ও একজন আহত হন। বিমান হামলার সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আগেই সতর্কবার্তা জারি করা হয়েছিল।

ক্ষেপণাস্ত্র হামলার কারণে রাতারাতি কিয়েভ অঞ্চলের হাজার হাজার ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পুরো এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়। ক্ষতিগ্রস্ত এনার্জি গ্রিড মেরামতে টেকনিশিয়ানরা কাজ চালিয়ে যাচ্ছেন। গত কয়েক সপ্তাহ ধরে কিয়েভে প্রায় প্রতিদিনই রাতে এমন মারাত্মক বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া।

সূত্র: বিবিসি