কেনিয়ার সামবুরু কাউন্টিতে একটি মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের জাতীয় গোয়েন্দা প্রধান মিশেল সেন্সি-কন্তুগি (৪৪) ও তাঁর স্ত্রী স্টেফানি হলিহানসহ মোট ৭ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা ১৩ মিনিটে লোই সাবা বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে এওয়াসো নাইরো নদী অঞ্চলের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে, দুর্ঘটনায় নিহত বাকি পাঁচজনই মার্কিন নাগরিক। তাদের মধ্যে মিয়ামির খ্যাতনামা রেস্তোরাঁ ব্যবসায়ী রজার দুয়ার্তে এবং এনবিসি-ইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবার্তো সুয়ারেজ রয়েছেন। নিহত অন্য চার মার্কিন নাগরিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
'লেডি লোরি হেলিকপ্টারস' পরিচালিত 'ইউরোকপ্টার ইসি১ ৩০ বি৪' মডেলের হেলিকপ্টারটি ওলোলোকোয়ে পর্বতের বনাঞ্চলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর সেখানে আগুন ধরে যায় এবং দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় কেনিয়া রেড ক্রসের সদস্যদের উদ্ধার কাজে বেশ বেগ পেতে হয়। ইকুয়েডরের সরকার ও সাবেক প্রেসিডেন্ট গুইলারমো লাসো এই গোয়েন্দা কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
কেনিয়ার মনোরম প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের আকর্ষণ করলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে নান্ডি কাউন্টিতে এক সংসদ সদস্যসহ ৬ জন এবং ২০২৪ সালে দেশটির সেনাপ্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোলা সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ হারান।
সূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্রের মাথাপিছু ঋণ ১ কোটি ৪২ লাখ টাকা
ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাব হত্যার দায় স্বিকার করলো ইসরায়েলি সেনাবাহিনী