ইউক্রেনে রাশিয়ার নতুন হামলা, নিহত ১৮

ইউক্রেনের একটি ব্যস্ত শপিং মলে ভয়াবহ বিমান হামলার পরদিনই দেশটির বিভিন্ন স্থানে আবারও বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। আগের দিন শুক্রবারের (২১ আগস্ট) হামলায় ১৬ জন প্রাণ হারিয়েছিলেন এবং এখনো নয়জন নিখোঁজ রয়েছেন।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, রাজধানী কিয়েভে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সায়রেন বাজার পর একটি গুদামে আগুন লেগে একজন মারা যান। অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় একটি ড্রোন হামলায় অপর একজন প্রাণ হারান।

এর আগে শুক্রবার ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের সবচেয়ে বড় শপিং মলে পরপর দুই দফায় ড্রোন হামলা চালায় রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজ শহরে সংঘটিত এই দিনদুপুরের আক্রমণকে অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয় বলে আখ্যা দেন। প্রথম দফার হামলার পর উদ্ধারকর্মীরা যখন ঘটনাস্থলে কাজ করছিলেন, ঠিক তখনই দ্বিতীয় ড্রোনটি এসে পড়ে।

এই জোড়া হামলায় ২৩টি শিশুসহ অন্তত ১৩০ জন আহত হন, যাদের মধ্যে ২৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

আঞ্চলিক প্রধান ওলেক্সান্ডার হানজা জানান, ধ্বংসস্তূপ থেকে আরও একটি মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা ১৬ জনে দাঁড়ায়। এখনো দুই শিশুসহ নয়জন ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন।

একই সময়ে কিয়েভের দারনিতস্কি জেলার এক গুদামে অগ্নিকাণ্ডে একজন নিহত ও কয়েকজন আহত হন। পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভে পৃথক হামলায় তিন শিশুসহ চারজন এবং উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে আরও দুজন নিহত হন।

এর আগে বৃহস্পতিবার কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৭ জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হন।

প্রতিউত্তরে ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ভূখণ্ডের গভীরে একটি তেল শোধনাগার এবং একটি সামরিক বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

সূত্র: আল-জাজিরা