পোল্যাডের পাশে থাকার অঙ্গীকার করলেন ন্যাটোর মহাসচিব

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

রাশিয়ার কাছ থেকে পোল্যান্ডের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষার অঙ্গীকার করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। দেশটির আকাশসীমায় রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন প্রবেশের অভিযোগের পরদিন শনিবার (২১ নভেম্বর) ওয়ারশতে এ প্রতিশ্রুতি দেন তিনি।

পোলিশ প্রেস এজেন্সির (পিএপি) প্রতিবেদনে বলা হয়, রুটে বলেছেন রাশিয়ার হাত থেকে পোল্যান্ডের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে ন্যাটো।

ন্যাটোর ইউরোপীয় বাহিনীর প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকিউইচ প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতার জন্য হুমকি শনাক্ত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন বলেও জানান রুটে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী বিভিন্ন দেশের আকাশসীমায় বারবার ড্রোন প্রবেশের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পশ্চিমা সামরিক জোট ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে, তৈরি হয়েছে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও।

গত শুক্রবার (২০ নভেম্বর) পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগের ঘটনাটি ঘটে ইউক্রেনের মিত্রদেশগুলোর জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর সামরিক মহড়া চলার সময়। একই সময়ে দুটি ঘটনা ঘটাকে নিছক কাকতালীয় হিসেবে দেখছেন না পোলিশ কর্মকর্তারা।

পিএপির প্রতিবেদনে আরও জানানো হয়, রাশিয়ার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ নিয়ে আলোচনার জন্য আগামী সোমবার ব্রাসেলসে ন্যাটোর নর্থ আটলান্টিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ বলেন, অদূর ভবিষ্যতে পূর্ব সীমান্তের নিরাপত্তা জোরদারে ন্যাটোর মিত্রদের কাছ থেকে আরও শক্তিশালী সহায়তা পাওয়া যাবে।

তিনি আরও জানান, এসব পদক্ষেপের বিস্তারিত সমন্বয়ের বিষয়ে জেনারেল গ্রিনকিউইচের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।

এসজেড
আরও পড়ুন