ইউরোপে মার্কিন সেনা নিয়ে সংশয়, ন্যাটোকে ব্রিফ করবে পেন্টাগন

ইউরোপের প্রতিরক্ষায় মার্কিন সেনা উপস্থিতি নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই বৃহস্পতিবার (২৭ আগস্ট) ন্যাটোর মিত্র দেশগুলোকে ব্রিফ করতে যাচ্ছেন পেন্টাগনের নীতি বিষয়ক প্রধান এলব্রিজ কোলবি। রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিকরা।

গত জুনে ইউরোপ থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ৬ মাসের এক বিশেষ পর্যালোচনা শুরু করে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ইউরোপ নিজের সুরক্ষার প্রাথমিক দায়িত্ব নিজেই নিক। বিশেষ করে ইরান যুদ্ধে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে কাঙ্ক্ষিত সহায়তা না করায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ১৯৪৯ সালে গঠিত এই সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বর্তমানে ইউরোপে প্রায় ৮০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তবে পেন্টাগন ইতোমধ্যে কিছু সেনা ফিরিয়ে এনেছে এবং ন্যাটোর যৌথ প্রতিরক্ষা বাজেট ছেঁটে ফেলেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে ন্যাটো সদস্য দেশগুলোর কাছে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, বিমান চলাচলের অনুমতি ও মার্কিন পররাষ্ট্রনীতিকে সমর্থনের বিষয়ে একটি বিশেষ প্রশ্নমালা পাঠানো হয়েছে। যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতার জন্ম দিয়েছে।

ন্যাটোতে নিযুক্ত এক ইউরোপীয় কূটনীতিক বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে যুক্তরাষ্ট্র তার মিত্রদের ওপর ভরসা রাখতে পারে।" তবে ন্যাটো সূত্রগুলো জানিয়েছে, আলোচনা যতই এগিয়ে যাক না কেন, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের ওপর।