হরমুজ খুলতে নতুন শর্ত ইরানের

তেহরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পেশ করতে একটি শর্তের তালিকা তৈরি করছে। দেশটির নিরাপত্তা প্রধান মহসেন রেজাই এই তথ্য নিশ্চিত করেছেন। প্রণালীটি খুলে দেওয়ার বিষয়ে ইরানের এই অবস্থান চলমান মধ্যপ্রাচ্য সংকটে নতুন মোড় এনে দিয়েছে।

এদিকে অঞ্চলে উত্তেজনা কমানোর লক্ষ্যে তৎপরতা বাড়িয়েছে কাতার। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার গালিবাফের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে সার্বিক পরিস্থিতি ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া উত্তেজনা হ্রাসের ওপর জোর দেওয়া হয়।

অন্যদিকে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের চুক্তি সংক্রান্ত আলোচনা নিয়ে ভাবছে না ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, এই সংক্রান্ত যেকোনো সমঝোতা ট্রাম্প প্রশাসনের জন্য "চিন্তার বিষয় নয়"।

তবে জলপথটিতে সংকট এখনও কাটে নাই। যুক্তরাজ্য সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম (UKMTO) জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি অজানা বস্তুর আঘাতে সম্প্রতি একটি তেল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ থেকে বোঝা যায়, রুটটিতে নিরাপত্তা ঝুঁকি এখনও বেশ প্রবল।

তথ্যসূত্র: আল জাজিরা