ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক বন্যার ক্ষত শুকাতে না শুকাতেই এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার মধ্যরাতে অঞ্চলের উত্তর ভাগে এই শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর আগের দিনের বন্যা ও ধস-কবলিত স্থানগুলো থেকে এটি কয়েক শত মাইল দূরে অবস্থিত।
চীন ও নেপাল সীমান্তে প্রাকৃতিক দুর্যোগের আবহেই গত বুধবার ৪.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করে চায়না ভূকম্পন নেটওয়ার্ক কেন্দ্র। একের পর এক বিপর্যয়ে পুরো অঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দুর্যোগের এখানেই শেষ নয়; একটি ব্যারিয়ার লেকের বাঁধ ভেঙে বড় ধরনের প্লাবনের আশঙ্কায় চতুর্থ স্তরের সতর্কতা জারি করেছে বেইজিং। হ্রদটির পানি ও বৃষ্টিপাত পর্যবেক্ষণ করতে বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে গিরং কাউন্টিতে।
তথ্যসূত্র: রয়টার্স ও সিনহুয়া।