ইন্দোনেশিয়ায় সোনার খনিতে বন্যায় নিহত ৬

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বোগর জেলার একটি অবৈধ সোনার খনিতে আকস্মিক বন্যায় অন্তত ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনো অন্তত ২০ জন শ্রমিক খনির ভেতরে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে বুধবার (২৫ নভেম্বর) ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী দল।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে ভারী বৃষ্টির কারণে স্থানীয় সিসেউরেহ নদীর পানি উপচে খনির গভীর সুড়ঙ্গে ঢুকে পড়ে। এতে প্রায় ১০০ মিটার গভীর খনির ভেতরে শ্রমিকেরা আটকা পড়েন।

প্রাথমিকভাবে কয়েক ডজন শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও পরবর্তী সময়ে উদ্ধারকারী দল ছয়জনের মরদেহ উদ্ধার করে। অন্যদিকে ১১ জন শ্রমিক পানি প্রবেশের আগেই খনির একটি অংশ থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। 

উদ্ধারকারী দল খনির ভেতরে জমে থাকা পানি সরাতে বিশেষ পাম্প ব্যবহার করছে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানি প্রবেশের পথ বন্ধ করার চেষ্টা চলছে।

জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি জানান, খনির গভীরতা, সরু প্রবেশপথ, পিচ্ছিল মাটি এবং পর্যাপ্ত আলোর অভাব উদ্ধার অভিযানকে কঠিন করে তুলেছে।

তিনি বলেন, উদ্ধারকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পানির উচ্চতা ও খনিতে প্রবেশের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি নিষ্কাশনে দীর্ঘ সময় লাগতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

এপি জানিয়েছে, উদ্ধার অভিযানে ৩২৫ জনের একটি দল অংশ নিচ্ছে। এতে উদ্ধারকর্মী, পুলিশ, সামরিক বাহিনীর সদস্য, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা রয়েছেন। 

দুর্ঘটনার পরপরই কর্তৃপক্ষকে খবর দেওয়া সম্ভব হয়নি। কারণ, খনিটিতে অনুমোদন ছাড়াই সোনার সন্ধানে কাজ করছিলেন শ্রমিকেরা। স্থানীয় বাসিন্দা ও শ্রমিকেরা প্রথমে নিজেরাই পানি সরানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে খবর দেওয়া হয়।

বোগর দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা মুহাম্মদ আদম হামদানি জানান, খনির কার্যক্রম অবৈধ হওয়ায় কেউ প্রথম দিকে দুর্ঘটনার খবর দিতে আগ্রহী ছিলেন না। ফলে বন্যার প্রায় ১৬ ঘণ্টা পর পুলিশ আটকে পড়া শ্রমিকদের বিষয়ে জানতে পারে।

উদ্ধারকারী দল বুধবার দুপুরের দিকে প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে আরও তিনজনের মরদেহ পাওয়া যায়। তাঁদের ৩০ থেকে ৪০ মিটার গভীরতা থেকে উদ্ধার করা হয়েছে। 

ঘটনাস্থলটি ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত খনি প্রতিষ্ঠান পিটি অ্যান্টামের পরিচালিত পংকর স্বর্ণখনি এলাকার কাছাকাছি। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুর্ঘটনাটি তাদের পরিচালিত কোনো খনিতে ঘটেনি। এটি ছিল একটি অননুমোদিত খননকেন্দ্র।

অ্যান্টাম আরও জানিয়েছে, পংকর এলাকায় অবৈধ খনন বন্ধে তারা নিয়মিত অভিযান চালায়। এ ধরনের খনন কার্যক্রম ঠেকাতে নজরদারি ও নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় ছোট পরিসরে ও অনুমোদনহীন খনন দীর্ঘদিনের সমস্যা। দেশটির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সোনা ও অন্যান্য খনিজ সম্পদের সন্ধানে অনেক শ্রমিক ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন। পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তির অভাবে এসব খনিতে প্রায়ই বন্যা, ভূমিধস ও সুড়ঙ্গ ধসের মতো দুর্ঘটনা ঘটে। 

খনির কাছাকাছি নিখোঁজ শ্রমিকদের স্বজনদের জন্য একটি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে পরিবারের সদস্যরা উদ্ধার অভিযানের খবরের অপেক্ষায় রয়েছেন।

রয়টার্সকে ৫০ বছর বয়সী ইউয়ু নামের এক নারী জানিয়েছেন, তাঁর ১৮ বছর বয়সী ছেলে হাইকাল ওই খনিতে কাজ করতে গিয়েছিলেন। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় অপেক্ষা করছেন তিনি।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, খনির ভেতরে পানির উচ্চতা কমানো এবং নিরাপদে প্রবেশের পথ তৈরি করাই এখন প্রধান অগ্রাধিকার। আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

বিএইচবি
আরও পড়ুন