সাইপ্রাসের উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা থেকে তুরস্কগামী একটি যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন। ২৬৭ জন আরোহী নিয়ে চলাচলকারী ফেরিটি উল্টে যাওয়ার পর এখন পর্যন্ত ২৪১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন।
তুর্কি সাইপ্রাসের নেত্রী তুফান এরহুরমান জানান, ‘ফিলো জেট’ নামের ফেরিটি ২৫৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু সদস্য নিয়ে কিরেনিয়া বন্দর থেকে তুরস্কের তাশুচুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলো। উপকূল থেকে মাত্র কয়েক মাইল দূরে পৌঁছালে তীব্র বাতাসে জাহাজটিতে পানি ঢুকতে শুরু করে। যাত্রীরা বিষয়টি ক্রুদের অবহিত করলেও প্রথমে তা গুরুত্ব দেওয়া হয়নি বলে বেঁচে যাওয়া ব্যক্তিরা অভিযোগ করেন। পরবর্তীতে জাহাজটি একপাশে হেলে গিয়ে ভূমধ্যসাগরের প্রায় ১,৬৮৬ ফুট (৫১৪ মিটার) গভীরে তলিয়ে যায়।
ঘটনার পরপরই তুরস্ক ও তুর্কি সাইপ্রাসের যৌথ উদ্যোগে এক বিশাল উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধার কাজে ৩টি বিমান, ৪টি ড্রোন, ৬টি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি কোস্টগার্ড ও টহল জাহাজ মোতায়েন করা হয়েছে।
তুর্কি সাইপ্রাসের প্রধানমন্ত্রী উনাল উস্তেল এই ঘটনাকে 'সাইপ্রাসের ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক বিপর্যয়' বলে অভিহিত করেছেন।
অবহেলার অভিযোগে ইতোমধ্যে জাহাজটির ক্যাপ্টেন এবং ৭ জন ক্রু সদস্যকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় তুর্কি সাইপ্রাস সরকার ৩ দিনের শোক ঘোষণা করেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় জাতিসংঘ, মার্কিন দূতাবাস এবং গ্রিক সাইপ্রাস কর্তৃপক্ষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।