ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন এমকে-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে আইআরজিসি জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী হরমুজ প্রণালির ওপর একটি ‘দূরপাল্লার মার্কিন MQ-9’ ড্রোন শনাক্ত করে গুলি করে নামিয়েছে। পরে ড্রোনটি উপসাগরে পড়ে যায় বলে দাবি করা হয়েছে।
এমকে-৯ রিপার যুক্তরাষ্ট্রের তৈরি একটি দূরপাল্লার মনুষ্যবিহীন সামরিক বিমান, যা নজরদারি ও বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহৃত হয়।
ইরানের এই দাবি এমন এক সময়ে এলো, যখন প্রায় এক মাসের তুলনামূলক শান্ত অবস্থার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি সামরিক হামলা শুরু হয়েছে। গত ৩০ আগস্ট যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির কাছে ইরানের লারাক দ্বীপে দুটি রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, ইরানি বাহিনী সমুদ্র মাইন স্থাপনের জন্য রকেট ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিল।
এর জবাবে ইরান জর্ডানে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে আইআরজিসি দাবি করেছে। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে এই জলপথের আশপাশে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা বাড়তে থাকলে আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক মার্কিন হামলার পর তেলের দামও বেড়েছে।
তবে এমকে-৯ ড্রোন ভূপাতিত হওয়ার ইরানি দাবিটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বাধীনভাবে নিশ্চিত করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। ফলে ঘটনাটির পূর্ণাঙ্গ চিত্র পেতে মার্কিন সামরিক বাহিনীর বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় নিহত ১, নিখোঁজ ১৫
মন্ত্রিসভায় নতুন বেতনকাঠামোর প্রস্তার উঠতে পারে আজ