ইসরায়েলি আগ্রাসনে বেড়েই চলছে ফিলিস্তিনি শিশু হত্যা

গাজা সংঘাত শুরুর পর থেকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশু ও কিশোর-কিশোরী নিহতের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।

ইসরায়েলি মানবাধিকার সংস্থা ‘বি’তসেলেম’-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ে পশ্চিম তীরে অন্তত ২৩৫ জন ফিলিস্তিনি অপ্রাপ্তবয়স্ক প্রাণ হারিয়েছে।

একই সময়ে ফিলিস্তিনিদের অধিকার বিষয়ক সংস্থা ‘কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন’ নিহতের এই সংখ্যা ২৫০ জন বলে উল্লেখ করেছে।

বি’তসেলেমের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৭ বছরে যেখানে মাসে গড়ে ১ জন করে শিশু-কিশোর নিহত হতো, সেখানে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে সেই মৃত্যুহার প্রায় ৭ গুণে গিয়ে ঠেকেছে। মানবাধিকার সংস্থাটি আরও জানায়, গত বছর নিহত ৫৪ জনের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স ছিল মাত্র ২ বছর। তবে প্রাণ হারানোদের একটি বড় অংশই ১৪ থেকে ১৭ বছর বয়সী।

সাধারণত পাথর নিক্ষেপকারী তরুণদের প্রতিরোধ বা 'সন্ত্রাসবিরোধী অভিযান' অ্যাখ্যা দিয়ে এসব ফিলিস্তিনিদের ওপর সরাসরি গুলি চালায় ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরে দায়িত্বরত ইসরায়েলি সেনাকমান্ডার মেজর জেনারেল আভি ব্লুথ জানান, ২০২৫ সালে কেবল পাথর ছুড়বার ঘটনায় সেনাবাহিনী ৪২ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যদিও নিহতদের মধ্যে ঠিক কতজন শিশু বা কিশোর ছিল তা তিনি প্রকাশ করেননি।