সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না

আদালতের রায়ে পাকিস্তানের জয়, অস্বস্তিতে ভারত

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক সালিশি আদালত ভারত ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও আদেশ দিয়েছেন।

রায়ে বলা হয়েছে, এই চুক্তি এককভাবে স্থগিত বা বাতিল করার মতো আইনগত কোনো এখতিয়ার ভারতের নেই।

আদালতের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক আইনের অধীনে চুক্তিটি পুরোপুরি সচল রয়েছে এবং এর পূর্বের সমস্ত ধারা বহাল থাকবে।

ফলে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে নতুন কোনো বিদ্যুৎ প্রকল্প গ্রহণ বা বিরোধ নিষ্পত্তিতে চুক্তি অনুযায়ী ভারত কাজ করতে বাধ্য থাকবে।

একই সাথে বিচারক প্যানেল ভারতের বাস্তবায়নাধীন ‘আরএইচইপি’ বাঁধ নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন।

নির্দেশনায় জানানো হয়, ২০২৭ সালের জুলাইয়ে বিশেষজ্ঞ প্যানেলের চূড়ান্ত মতামত না আসা পর্যন্ত বাঁধের মূল অবকাঠামো ও নির্দিষ্ট উচ্চতার ওপরে নতুন কনক্রিট ঢালাই করা যাবে না।

চূড়ান্ত সিদ্ধান্তের পর এই নিষেধাজ্ঞা আরও ৯০ দিন বহাল থাকবে এবং প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে আদালতকে নিয়মিত তথ্য পাঠাতে হবে।

আন্তর্জাতিক আদালতের এই অবস্থানকে নিজেদের কূটনৈতিক ও আইনি সাফল্য হিসেবে দেখছে ইসলামাবাদ, যা দুই দেশের পানিবণ্টন বিরোধ আলোচনায় ইতিবাচক ভূমিকা রাখবে।