যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরুর প্রেক্ষাপটে ওয়াশিংটনের অন্যতম প্রধান লক্ষ্য থেকে পিছু হটার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাথমিক লক্ষ্যগুলোর অন্যতম হলেও শেষ পর্যন্ত ইরানের সঙ্গে কোনো পারমাণবিক চুক্তি "না-ও হতে পারে" বলে সরাসরি মন্তব্য করেছেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাইট জানান, ডিপ্লোমেসি বা চুক্তির পথ এড়িয়ে যুক্তরাষ্ট্র এখন থেকে ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে সরাসরি হামলার পথ বেছে নিতে পারে।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সক্ষমতা ধ্বংস করে দেওয়াই হতে পারে আমাদের মূল কৌশল।
যদিও ইরান বারবার দাবি করে আসছে যে তারা কেবল শান্তিপূর্ণ কাজের জন্যই পরমাণু শক্তি তৈরি করছে, কোনো অস্ত্র বানাচ্ছে না।
সাক্ষাৎকারে রাইট দাবি করেন, মার্কিন হামলার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা যেমন কমেছে, তেমনি তাদের পারমাণবিক অস্ত্র বিকাশের পথও বাধাগ্রস্ত হয়েছে। তবে তিনি ইঙ্গিত দেন, ইরানে নতুন কোনো নেতৃত্ব এলে হয়তো ভবিষ্যতে আবার চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে।
ইরানের স্ট্রেইট অব হরমুজ প্রণালি বন্ধ করা এবং আমেরিকার নৌ অবরোধের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছালেও ট্রাম্প প্রশাসন এই যুদ্ধকে প্রকাশ্য মন্তব্যে খাটো করার চেষ্টা করছে।
সম্প্রতি ট্রাম্প এই সংঘাতকে 'তুচ্ছ ঘটনা' বলে অভিহিত করেছেন এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উত্তেজনার মাত্রা কম দেখানোর চেষ্টা করছেন।
তবে রাইট জানিয়েছেন, মিত্রদের সঙ্গে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে তাদের মূল উদ্দেশ্য সম্পন্ন করবে।