রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৬

রাশিয়ার বেলগোরোদ ও পার্ম অঞ্চল এবং রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় কর্মকর্তারা জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এসব এলাকায় ধারাবাহিক ড্রোন হামলা চালানো হয়।

বেলগোরোদ অঞ্চলে ইউক্রেন সীমান্তের কাছে একটি গাড়িতে ড্রোন আঘাত হানলে এক নারী ও এক পুরুষ নিহত হন। একই অঞ্চলের সীমান্তবর্তী গ্রায়ভোরন শহরে পৃথক ড্রোন হামলায় আরও একজন নিহত হয়েছেন।

ইউক্রেন থেকে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার পূর্বে পার্ম অঞ্চলে একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানলে একজন নিহত ও চারজন আহত হন। সেখানে একটি শিল্পাঞ্চল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে কিছু অযাচাইকৃত প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই এলাকায় একটি গানপাউডার কারখানা ও রকেট ইঞ্জিন তৈরির কারখানাসহ অন্তত দুটি প্রতিরক্ষা স্থাপনা রয়েছে।

এদিকে, রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপোলে রাতের হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরী ও এক পুরুষ নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, ছররা বহনকারী ড্রোনের আঘাতে আটটি আবাসিক ভবন ও একটি কিন্ডারগার্টেনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত রাশিয়া ও ক্রিমিয়ার আকাশে মোট ৩০৬টি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত ও ভূপাতিত করা হয়েছে।

সূত্র: দ্য মস্কো টাইমস।