রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্দিনো-বালকারিয়া অঞ্চলে পর্বতারোহীদের একটি দলের ওপর তুষারধসের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
স্থানীয় জরুরি সেবা বিভাগ জানায়, রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রাশিয়ার উত্তর ককেশাসের অন্যতম উঁচু পর্বত মিজিরগিরি পর্বতে এ তুষারধসের ঘটনা ঘটে। ওই সময় পর্বতটিতে ৩৩ জন পর্বতারোহীর একটি দল ছিল।
জরুরি বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজ উদ্যোগে পর্বত থেকে নিচে নেমে আসতে সক্ষম হন। তবে আরও ছয়জনের অবস্থান বা পরিণতি তখনও নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধার অভিযানে ৫০ জনের বেশি জরুরি বিভাগের কর্মী অংশ নিয়েছেন। তবে দুর্গম ভূখণ্ড এবং ফের তুষারধসের উচ্চ ঝুঁকির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স।
ইরান যুদ্ধ ব্যর্থ: সাবেক পেন্টাগন প্রধান