দেবী দুর্গাকাণ্ডে ক্ষমা চাইলেন শুভেন্দু অধিকারী

দেবী দুর্গার ১০ হাতের পরিবর্তে ১১ হাত দেখিয়ে সরকারি বিজ্ঞাপন প্রকাশের ঘটনায় ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (৭ সেপ্টেম্বর) কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, সবার আগে মুখ্যমন্ত্রী হিসেবে আমি এই ভুল বিজ্ঞাপনের জন্য সবার কাছে ক্ষমা চাইছি। বিজ্ঞাপনটি যারা তৈরি করেছেন, তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যতে রাজ্য সরকার এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকবে বলে উল্লেখ করেন।

সোমবার বিকেলে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর প্রথম দুর্গাপূজা উপলক্ষে এমন সভা ছিল এটি। সভার প্রচারমূলক বিজ্ঞাপনে দেবী দুর্গার ছবিতে ১০টির পরিবর্তে ১১টি হাত দেখা যায়।

তবে সভাস্থলের ব্যাকগ্রাউন্ডে থাকা বড় ব্যানারে দেবী দুর্গার ছবিতে আবার ১০টি হাতই দেখা গেছে।

বিজ্ঞাপনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি)। দলটির অভিযোগ, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বারবার ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টিএমসি প্রশ্ন তোলে, তাহলে বিজেপি সরকারের মতে মা দুর্গার ১১টি হাত? দলটির দাবি, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির আবেগ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ফলে দেবী দুর্গাকে ভুলভাবে উপস্থাপন করা অত্যন্ত অসম্মানজনক।

টিএমসি নেতা কুণাল ঘোষ বলেন, ধর্মীয় শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার ১০টি হাত। তিনি মুখ্যমন্ত্রীকে দ্রুত ভুলটি সংশোধনের ব্যবস্থা করার আহ্বান জানান।

বিষয়টি নিয়ে আপত্তি জানান বিদ্রোহী টিএমসি বিধায়ক মদন মিত্রও। তিনি বলেন, একজন বাঙালি হিসেবে দেবী দুর্গাকে ১১ হাতের দেখানো তিনি মেনে নিতে পারেন না।

অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া না এলেও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এতে শুধু বোঝা যায় মা দুর্গা আরও শক্তিশালী হয়েছেন। বিজ্ঞাপনটি প্রকাশের দায়িত্বে থাকা সংস্থা ভুল করেছে বলে দাবি করেন তিনি। এটি রাজনৈতিক বিষয় বানানো উচিত নয় এবং ভুলটি সংশোধন করা হবে বলেও জানান বিজেপির রাজ্য সভাপতি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস