৯/১১ বার্ষিকীতে ইরানের বিরুদ্ধে যুদ্ধবাজির অভিযোগ, তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
৯/১১ হামলার বার্ষিকী অনুষ্ঠানে ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্রের সামরিক কঠোর অবস্থান ও যুদ্ধের পক্ষে বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার এই উসকানিমূলক মন্তব্যের তাৎক্ষণিক ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।
অনুষ্ঠানে হেগসেথ দাবি করেন, যুক্তরাষ্ট্র এখনো সন্ত্রাসীদের তাদের সঠিক ঠিকানা অর্থাৎ নরকে পাঠাচ্ছ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানি তেল ট্যাংকার সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হচ্ছে এবং অর্থনৈতিক চাপ বাড়িয়ে তেহরানের পারমাণবিক অস্ত্রের স্বপ্ন নস্যাৎ করা হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই চরমপন্থী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি আমেরিকান এই নীতির কঠোর সমালোচনা করেন।
বাঘাই বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক মানুষ হত্যা ও আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্র নিজেকে সন্ত্রাসবাদের একক বিচারক হিসেবে দাবি করতে পারে না। তিনি মনে করিয়ে দেন, ৯/১১ হামলার সাথে কোনো ইরানি নাগরিক যুক্ত ছিল না।
ইরানি মুখপাত্র আরও উল্লেখ করেন, ৯/১১ পরবর্তী মার্কিন ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ কেবল আফগানিস্তান ও ইরাকে দীর্ঘস্থায়ী ধ্বংসযজ্ঞ, অন্যায্য দখলদারিত্ব এবং বহু নিরীহ মানুষের অকাল মৃত্যু ডেকে এনেছে। তাই এই দিনটিকে ভিত্তি করে ইরানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধকে বৈধতা দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক।