ইরানের স্বনামধন্য 'শাহেদ-১৩৬' ড্রোনের নকশা ও প্রযুক্তি নকল করে মার্কিন সেনাবাহিনীতে 'লুকাস' নামের নতুন ড্রোন যুক্ত করা হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
শনিবার খোররামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাবি এই চাঞ্চল্যকর সামরিক তথ্যের বিষয়টি প্রকাশ্যে আনেন।
তিনি জানান, ড্রোন প্রযুক্তিতে ইরানের বিশাল সাফল্য আজ বিশ্বজুড়ে স্বীকৃত। দেশটির উদীয়মান তরুণ গবেষকদের মেধা ও অক্লান্ত পরিশ্রমের কারণেই ইরান এই আন্তর্জাতিক সক্ষমতা অর্জন করতে পেরেছে।
জেনারেল মুসাবি উল্লেখ করেন, ইরানের কাছে বর্তমানে বিভিন্ন সক্ষমতার ‘শাহেদ’ ড্রোন রয়েছে। এর মধ্যে কিছু ড্রোন সরাসরি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং কিছু ড্রোন শত্রুসীমানায় নজরদারির কাজে ব্যবহৃত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ইরানের উন্নত প্রযুক্তির বড় জয় হিসেবে দেখছে আইআরজিসি। ওয়াশিংটন বাধ্য হয়েই শাহেদ-১৩৬ ড্রোনের আদলে নিজেদের 'লুকাস' ড্রোন তৈরি করেছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, ইরানের ঐতিহাসিক সামরিক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিজ ১’-এ নিজেদের তৈরি এসব শাহেদ ড্রোনের সফলতম ব্যবহার করা হয়েছিল বলে স্মরণ করিয়ে দেন এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।
সূত্র: তাসনিম নিউজ।