জ্বালানি সংকটে পাকিস্তান

বিয়ের অনুষ্ঠানে খাবার ‘এক পদের’ বেশি নয়

বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির জেরে পাকিস্তানে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। সংকট সামলাতে বিয়েবাড়ির খাবার থেকে শুরু করে শপিংমল খোলা রাখার ক্ষেত্রে বেশ কিছু কড়া নিয়ম জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার।

নতুন নির্দেশনায় সরকারি গাড়ির জ্বালানি বরাদ্দ একধাক্কায় ৫০ শতাংশ কমানোর পাশাপাশি নতুন গাড়ি কেনা পুরোপুরি বন্ধ করা হয়েছে। তবে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য জরুরি সেবা খাতকে এই নিয়মের আওতামুক্ত রাখা হয়েছে।

আমোদপ্রমোদ ও বাণিজ্য নিয়ন্ত্রণে রাত ৯টার মধ্যে শপিংমল ও দোকানপাট এবং ১০টার মধ্যে বিয়েবাড়ি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অপচয় কমাতে সামাজিক অনুষ্ঠানে খাবারের তালিকায় কেবল ‘এক পদ’ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ।

জরুরি সেবা ছাড়া অন্য সব খাতের ওপর এই বিধিনিষেধ প্রযোজ্য হবে। আগামী তিন মাস সরকারি কর্মকর্তাদের বিদেশযাত্রা বন্ধের পাশাপাশি জ্বালানি বাঁচাতে দাপ্তরিক সভাগুলো অনলাইনে আয়োজনের কথা বলা হয়েছে। 

ফার্স্টপোস্ট সূত্রে জানা গেছে, হরমুজ প্রণালিতে সামরিক উত্তেজনার কারণে তেল আমদানি ব্যাহত হওয়ায় এই চরম সংকট তৈরি হয়েছে।