উত্তর সিরিয়ার আলেপ্পোর কাছে একটি সামরিক অস্ত্রের গুদামে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। নিরাপত্তার স্বার্থে বিস্ফোরণস্থল থেকে জনগণকে দূরে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (SANA) জানিয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-ইস (al-Eis) শহরের কাছে সিরীয় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে এই বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।
আলেপ্পোর সিভিল ডিফেন্স অপারেশনের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী সানা-কে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।
আলেপ্পো থেকে আল জাজিরার প্রতিনিধি ওবায়দা হিতো জানিয়েছেন, প্রথম বিস্ফোরণের পর পর পর বেশ কয়েকটি ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। তিনি জানান, ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরেও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। আমরা একাধিক অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়িকে ওই দিকে যেতে দেখেছি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব বাসিন্দাদের আপাতত ঘরের বাইরে না বের হওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি জানান, হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং জরুরি উদ্ধারকারী দলগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ নাগরিকদের নিরাপত্তার সুবিধার্থে দুর্ঘটনাস্থলে যাওয়ার সড়কগুলো বন্ধ করে দিয়েছে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড।
আলেপ্পোর হামদানিয়াহ এলাকার এক বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে জানান, তারা বিকট এক বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং ছাদে গিয়ে বহুদূরে আগুনের বিশালাকার শিখা দেখতে পান।
উল্লেখ্য, ২০২৪ সালের শেষের দিকে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর দীর্ঘ গৃহযুদ্ধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সিরিয়া। তবে সম্প্রতি দেশটির বিভিন্ন স্থানে এ ধরনের রহস্যজনক বিস্ফোরণের ঘটনা বেড়েছে। এর আগে গত শুক্রবার পূর্বাঞ্চলীয় দেইরি আজ-জোর প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে অজ্ঞাত বিস্ফোরণে ১১ জন নিহত হন। এছাড়া চলতি মাসের শুরুর দিকে ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অস্ত্রাগারে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছিলেন।
সূত্র: আল-জাজিরা