কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। নৃশংস এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অনেকে। এবার শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শিশুদের নিরাপদে বেড়ে ওঠার অধিকার এবং সাম্প্রতিক শিশু হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেতা।
অপূর্ব লেখেন, ‘একটি শিশুর নিরাপদে বেড়ে ওঠার কথা যেখানে সবচেয়ে স্বাভাবিক অধিকার, সেখানে বারবার শিশুদের ওপর এমন নৃশংসতা আমাদের সমাজ ও বিবেকের চরম পতনের ইঙ্গিত দেয়।
‘সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া শিশু হত্যাকাণ্ডের খবরগুলো একজন বাবা এবং দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার হৃদয়কে স্তব্ধ করে দিয়েছে।’
তিনি আরও লেখেন, ‘এই পশুবৃত্তি ও অমানুষিকতার বিরুদ্ধে আমাদের সবাইকে আজ এক হতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই সমাজের অস্তিত্ব অর্থহীন।’
শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও আরও সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন অপূর্ব। তিনি বলেন, ‘আমাদের নিজেদের জায়গা থেকেও অনেক বেশি সচেতন হতে হবে। আজকের এই বাস্তবতায় আমাদের প্রত্যেককে আমাদের শিশু ও অভিভাবকদের আরও বেশি সতর্ক ও সাবধান থাকতে হবে। একটু বাড়তি সতর্কতা, একটু সচেতন নজরদারি হয়তো অনেক বড় বিপদ থেকে আমাদের প্রিয় সন্তানকে রক্ষা করতে পারে।’
ঘরের বাইরে কিংবা ভেতরে কোথাও যেন শিশুদের নিরাপত্তায় ঘাটতি না থাকে, সে বিষয়েও সতর্ক করেছেন এই অভিনেতা। তিনি লেখেন, ‘ঘরের বাইরে বা ভেতরে, কোথাও যেন তাদের সুরক্ষায় কোনো ঘাটতি না থাকে।’
প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে অপূর্ব বলেন, ‘প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এই খুনিদের যেন দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমাদের শিশুদের জন্য এই দেশটাকে একটা নিরাপদ জায়গা করে দিতে হবে। এর চেয়ে বড় দায়িত্ব আর কিছু হতে পারে না।’
স্ট্যাটাসের শেষাংশে সব শিশুর জন্য নিরাপদ শৈশয়ের প্রত্যাশা জানিয়ে তিনি লেখেন, ‘সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই। বিচার চাই।’
ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর তীব্র লড়াই, জটিল হচ্ছে পরিস্থিতি
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে নিহত বেড়ে ৭
লোহিত সাগরে যুদ্ধে ইতালি জড়িত নয়: তাজানি