যুদ্ধের প্রভাবে ইউরোপে তীব্র বিমান জ্বালানি সংকটের আশঙ্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় চলতি বছরের চতুর্থ প্রান্তিকে ইউরোপজুড়ে তীব্র জোট ফুয়েল বা বিমান জ্বালানির সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। 

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

শক্তি খাতের শীর্ষ গবেষণা সংস্থা ‘এনার্জি অ্যাসপেক্টস’-এর উপাত্ত উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, বছরের চতুর্থ প্রান্তিকে ইউরোপে দৈনিক ৫ লাখ ১০ হাজার ব্যারেল বিমান জ্বালানির ঘাটতি দেখা দিতে পারে। যদিও একই সময়ে যুক্তরাষ্ট্রে দৈনিক ১৮ হাজার ব্যারেল এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে দৈনিক ৪ লাখ ১৯ হাজার ব্যারেল জ্বালানি উদ্বৃত্ত থাকবে।

দক্ষিণ কোরিয়া ইউরোপে তাদের বিমান জ্বালানি রফতানি অনেক বাড়ানোর পরও এই ঘাটতি এড়ানো সম্ভব হচ্ছে না। 

কমোডিটি গোয়েন্দা সংস্থা ‘কেপলার’ (Kpler)-এর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দক্ষিণ কোরিয়া থেকে ইউরোপে দৈনিক ১ লাখ ২৯ হাজার ব্যারেল জ্বালানি আমদানি করা হয়েছে, যা ২০২২ সালের অক্টোবরের পর সর্বোচ্চ।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধ ইউরোপের মোট বিমান জ্বালানি আমদানির প্রায় অর্ধেক সরবরাহ একপ্রকার বন্ধ করে দিয়েছে, যার ফলে সামনের মাসগুলোতে ইউরোপীয় বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সূত্র: আল-জাজিরা