তুষারধসে দুই পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২

নেপালের হিমালয় অংশে তুষারধসে পর্বতারোহীদের একটি ক্যাম্প চাপা পড়ার পর দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও প্রায় ১২ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে মানাং জেলার ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমাল পর্বতের বেস ক্যাম্পে তুষরের বিশাল স্তর ধসে পড়ে। নেপালি নাগরিকদের একটি দল সেখানে অবস্থান করছিল। বিদেশি পর্বতারোহীদের আগে ওই দলটিকে ক্যাম্প প্রস্তুত, পথ তৈরি ও পাহাড়ে দড়ি স্থাপনের কাজে পাঠানো হয়েছিল।

হিমলুং হিমাল নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত। সাম্প্রতিক দিনগুলোতে সেখানে ভারী তুষারপাতের পূর্বাভাস ছিল। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। শুরুতে হেলিকপ্টার ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। হিমালয়া হলিডেজ ট্রেকিংয়ের কর্মকর্তা বিভূতি চাঁদ ঠাকুর জানিয়েছেন, তাদের অভিযাত্রী দলের অন্তত আট সদস্য নিখোঁজ হয়েছেন। তবে মোট কতজন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

উদ্ধারকাজে সহায়তার জন্য কাঠমান্ডু থেকে অভিজ্ঞ পর্বতারোহীদের নিয়ে একটি দল হেলিকপ্টারে করে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘন তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

নেপালের পার্বত্য জেলাগুলোতে সাম্প্রতিক দিনগুলোতে টানা বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। এতে দেশটির গুরুত্বপূর্ণ পর্বতারোহণ পর্যটন খাতে ঝুঁকি বেড়েছে। তুষারধসের আশঙ্কা বাড়ায় চলতি সপ্তাহের শুরুতে বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু থেকেও পর্বতারোহীদের সরিয়ে নেওয়া হয়।