যুক্তরাষ্ট্রের সরকারি নথিপত্র এবং দাপ্তরিক যোগাযোগে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (Artificial Intelligence) বা ‘এআই’ (AI) শব্দগুলোর ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে সরকারি সব কার্যক্রমে ‘সুপার ইন্টেলিজেন্স’ (Super Intelligence) বা ‘এসআই’ (SI) শব্দ ব্যবহারের নির্দেশ দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাক্ষরিত এই আদেশের ফলে মার্কিন প্রশাসনের বিভিন্ন বিভাগ এবং সংস্থাকে এখন থেকে তাদের দাপ্তরিক চিঠিপত্র, জনসংশ্লিষ্ট যোগাযোগ, নীতিগত নথি এবং অন্যান্য অনানুষ্ঠানিক উপাদানে বাধ্যতামূলকভাবে ‘সুপার ইন্টেলিজেন্স’ ও ‘এসআই’ শব্দগুলো ব্যবহার করতে হবে। একই সঙ্গে এসব মাধ্যমে পুরনো ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ ও ‘এআই’ শব্দগুলোর ব্যবহার সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে।
নতুন এই আদেশে প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারীকে ‘সুপার ইন্টেলিজেন্স’ ও ‘এসআই’-এর একটি নতুন ও যুগোপযোগী সংজ্ঞা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে, যা প্রযুক্তির ক্রমাগত অগ্রগতির ধারাকে ফুটিয়ে তুলবে। এছাড়া প্রস্তাবিত এই সংজ্ঞা বাস্তবায়নে অন্য কোনো নির্বাহী পদক্ষেপের প্রয়োজন রয়েছে কি না, তাও খতিয়ে দেখতে বলা হয়েছে তাকে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযুক্তি খাতের উদীয়মান সম্ভাবনাগুলোকে স্বীকৃতি দিতেই এই পরিভাষা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রই এই প্রযুক্তির শীর্ষস্থানীয় দেশ এবং এর সঠিক ক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরতে আধুনিক পরিভাষার ব্যবহার জরুরি।
প্রশাসন আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রই মূলত এই প্রযুক্তির জন্মভূমি এবং গত ৭০ বছরেরও বেশি সময় ধরে এই খাতের গবেষণা ও উন্নয়নে নেতৃত্ব দিয়ে আসছে দেশটি।
সূত্র: আনাদোলু এজেন্সি