ইরান নতুন করে কোনো উসকানিমূলক পদক্ষেপ না নিলে দেশটির ওপর আবারও সামরিক হামলা চালানো থেকে বিরত থাকতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান কিংবা ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা নতুন কোনো উসকানিমূলক কর্মকাণ্ড চালালে পরিস্থিতি বদলে যেতে পারে।
শনিবার (১৪ নভেম্বর) তিনটি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্রগুলো বলছে, এ বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে মধ্যপ্রাচ্যের মিত্রদের দেওয়া উত্তেজনা এড়িয়ে চলার পরামর্শের প্রতি তিনি সহানুভূতি দেখিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক ফোনালাপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ট্রাম্পকে ইরানে নতুন করে হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করতে ওয়াশিংটনের ওপর চাপ অব্যাহত রেখেছে ইসরায়েল। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ ইরানের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। তবে নতুন করে সামরিক হামলা চালালেও আলোচনায় তেহরানের অবস্থান বা শর্তে উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা কম বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা।
এদিকে সম্ভাব্য সামরিক উত্তেজনা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর অংশ হিসেবে আরও একটি বিমানবাহী রণতরি মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। এটি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি হবে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষায় কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র ট্রাম্পের। পরিস্থিতি বিবেচনায় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তির আর প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, ‘আমাদের কাছে তাদের অর্থ আছে, শত শত বিলিয়ন ডলার, আর আমাদের কাছে তাদের প্রণালিও আছে!’ ট্রাম্পের এই বক্তব্যে ইরানের অর্থসম্পদ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটনের অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়। তবে নতুন করে হামলা চালানো হবে কি-না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
সূত্র: রয়টার্স
গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, কয়েক দিনে বহু প্রাণহানি
তাসকে বাদ দিয়ে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান ইউরোপের