বিদেশি নাগরিকদের জন্য আবাসিকসংক্রান্ত বিভিন্ন সরকারি ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান। নতুন ব্যবস্থায় কিছু আবাসিক ও স্থায়ী বসবাসের আবেদন ফি আগের তুলনায় প্রায় ২০ গুণ পর্যন্ত বাড়তে পারে।
জাপান সরকার বিদেশি নাগরিকদের ভিসা ও আবাসনসংক্রান্ত প্রশাসনিক সেবা থেকে আদায় করা ফি পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন ধরে এসব ফি তুলনামূলকভাবে কম থাকায় সরকারি প্রশাসনিক ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।
নতুন ফি কাঠামোর আওতায় বিদেশিদের আবাসিক মর্যাদা পরিবর্তন, মেয়াদ বাড়ানো এবং স্থায়ীভাবে বসবাসের (Permanent Residence) আবেদন-সংক্রান্ত খরচও বাড়তে পারে।
জাপানে বিদেশি কর্মী ও দীর্ঘমেয়াদি বাসিন্দার সংখ্যা গত কয়েক বছরে বেড়েছে। একই সঙ্গে অভিবাসন ও আবাসনসংক্রান্ত আবেদন প্রক্রিয়া পরিচালনায় সরকারি সংস্থাগুলোর ওপর চাপও বেড়েছে। ফি বৃদ্ধির পক্ষে জাপান সরকারের যুক্তি হলো, এসব সেবা প্রদানের প্রশাসনিক ব্যয়ের একটি অংশ আবেদনকারীদের কাছ থেকে আদায় করা।
তবে বিদেশি নাগরিকদের জন্য আবাসিক ব্যয় বাড়ানোর এই সিদ্ধান্ত তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করতে পারে। বিশেষ করে শিক্ষার্থী, নিম্ন ও মধ্যম আয়ের বিদেশি কর্মী এবং দীর্ঘমেয়াদি বসবাসের আবেদনকারীদের ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে।
জাপানের নতুন ফি কাঠামো কার্যকর হলে দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিকদের ভিসা ও আবাসিক মর্যাদা সংক্রান্ত আবেদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।