নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসায় চার পরিবর্তন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে চারটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ডের অভিবাসন কর্তৃপক্ষ। নতুন নিয়মে মাস্টার্স বাই রিসার্চের শিক্ষার্থীদের কাজের সময়সীমা, ইংরেজি ভাষার দক্ষতা যাচাই, ভিসার আবেদন স্থগিত রাখার প্রক্রিয়া এবং কোর্স শেষে ভিসার মেয়াদে পরিবর্তন আনা হয়েছে।

ইমিগ্রেশন নিউজিল্যান্ডের (আইএনজেড) নতুন নিয়ম অনুযায়ী, মাস্টার্স বাই রিসার্চের শিক্ষার্থীরা এখন থেকে সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করতে পারবেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময়ে তাঁদের পূর্ণকালীন কাজের সুযোগ থাকবে। আগে এ ধরনের শিক্ষার্থীদের কাজের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা ছিল না।

ভিসার শর্ত পালনের সক্ষমতা যাচাইয়ে শিক্ষার্থীর ইংরেজি ভাষার দক্ষতাকেও গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থী ভিসার নিয়ম ও শর্ত যথাযথভাবে মেনে চলতে পারবেন কি না, তা মূল্যায়নের ক্ষেত্রে এই দক্ষতা বিবেচনায় নেওয়া হবে।

এ ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীর ভিসার আবেদন আনুষ্ঠানিকভাবে স্থগিত রাখতে পারবে ইমিগ্রেশন নিউজিল্যান্ড। আগে যেসব পরিস্থিতিতে আবেদন স্থগিত করার সুযোগ ছিল, নতুন নিয়মে তা আরও বিস্তৃত করা হয়েছে।

কোর্স শেষে ভিসার মেয়াদে পরিবর্তন

নতুন নিয়মে নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে অতিরিক্ত সময় এক মাস থেকে বাড়িয়ে দুই মাস করা হয়েছে। তবে ৩১ মার্চ ভিসার মেয়াদ শেষ হওয়ার বিধান অপরিবর্তিত থাকছে।

আগের নিয়মে শিক্ষার্থীর পড়াশোনার ধরন ও মেয়াদ অনুযায়ী ৩১ মার্চ অথবা কোর্স শেষ হওয়ার এক মাস পর ভিসার মেয়াদ শেষ হতো। নতুন নিয়মে যাঁদের ক্ষেত্রে প্রযোজ্য, তাঁরা কোর্স শেষ হওয়ার পর অতিরিক্ত দুই মাস সময় পাবেন।

নতুন পরিবর্তনের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার শর্ত, কাজের অনুমতি এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ সম্পর্কে সতর্ক থাকতে হবে। বিশেষ করে মাস্টার্স বাই রিসার্চের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের পরিকল্পনায় নতুন সময়সীমা বিবেচনায় নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ভর্তির আগে শিক্ষাপ্রতিষ্ঠানটি নিউজিল্যান্ডের নিয়মকানুন মেনে চলছে কি না, তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত