মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও এর কূটনৈতিক সমাধানের পথ নিয়ে ফোনে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় অঞ্চলটির চলমান সংকট এবং তা নিরসনে কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন তারা।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কূটনৈতিক সমাধানের লক্ষ্যে দুই দেশ ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। সংকট মোকাবিলায় কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে পারস্পরিক যোগাযোগ ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আলোচনায় হরমুজ প্রণালি ও বাব আল-মানদাব প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু বলেন, এসব নৌপথে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব পক্ষকে নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ইরান ও জাপানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়েও দুই পক্ষ গুরুত্ব দিয়েছে। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি