যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে পারে, সম্ভবত নির্বাচন শেষ হওয়ার পরপরই। তবে একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে আলোচনার জন্য তেহরানে কার সঙ্গে যোগাযোগ করা হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আলাবামা রাজ্যের মোবাইল শহরে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ইরানে বর্তমানে এমন কেউ নেই, যার সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করতে পারে। তিনি বলেন, আমি জানি না কার সঙ্গে কথা বলব। কথা বলার মতো কেউ নেই। কেউ প্রেসিডেন্ট হতে চায় না।
ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না—এ অবস্থানও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তাঁর ভাষায়, ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।
ইরানের সামরিক সক্ষমতা নিয়েও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, দেশটির কোনো নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার কিংবা পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। ইরানের অর্থনীতি নিয়েও কঠোর মন্তব্য করে তিনি দাবি করেন, দেশটির অর্থনীতি ‘তলানিতে’ এবং মূল্যস্ফীতি প্রায় ৩১০ শতাংশ।
ট্রাম্প বলেন, 'যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে, সম্ভবত নির্বাচন শেষ হওয়ার পরপরই।' তবে তিনি কোন নির্বাচন বোঝাচ্ছেন বা যুদ্ধ শেষ হওয়ার নির্দিষ্ট কোনো সময়সূচি দেননি।
ইরানকে ঘিরে মার্কিন অবরোধের প্রসঙ্গে ট্রাম্প এটিকে 'ইস্পাতের দেয়াল' হিসেবে অভিহিত করেন। তাঁর দাবি, যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে আসবে।
এদিকে যুক্তরাষ্ট্রের Strategic Petroleum Reserve (SPR) বা কৌশলগত জ্বালানি তেলের মজুত পুনরায় পূরণ করার কথাও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, 'আমরা খুব শিগগিরই আমাদের কৌশলগত মজুত পূরণ করতে যাচ্ছি—প্রায় বিনামূল্যে।' তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো পরিকল্পনা বা সময়সূচি জানাননি।