চীনের সঙ্গে অপ্রয়োজনীয় সামরিক সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম

চীনের প্রভাব মোকাবিলায় সামরিক উত্তেজনা বাড়ানোর পরিবর্তে যুক্তরাষ্ট্রের নিজস্ব শিল্পভিত্তি পুনর্গঠন ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি সুরক্ষার ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, চীনের সঙ্গে অপ্রয়োজনীয় সামরিক সংঘাতে না জড়িয়ে উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং চীননিয়ন্ত্রিত সরবরাহব্যবস্থার ওপর নির্ভরতা কমানোই কার্যকর কৌশল।

সোমবার (১৬ নবেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের চীননীতি সমর্থন করে এসব কথা বলেন ভ্যান্স। তিনি বলেন, চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অর্থ সামরিক শক্তি প্রদর্শন বা যুদ্ধ শুরু করা নয়; বরং যুক্তরাষ্ট্রের শিল্পভিত্তি পুনর্গঠন করা।

ভ্যান্সের ভাষায়, ‘চীনের বিরুদ্ধে কঠোর হওয়ার উপায় হলো যুদ্ধের হুমকি দেওয়া বা দেশটির সঙ্গে যুদ্ধ শুরু করা নয়; বরং যুক্তরাষ্ট্রকে পুনরায় শিল্পোৎপাদননির্ভর করে তোলা।’

তিনি বলেন, কয়েক দশকের মার্কিন অর্থনৈতিক ও শিল্পনীতির কারণে সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশে চীন ব্যাপক প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছে। খাদ্য, ওষুধ ও প্রযুক্তিশিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতে অন্য কোনো দেশের নিয়ন্ত্রণ থাকলে যুক্তরাষ্ট্রও সেই দেশের প্রভাবের মুখে পড়ে।

ভ্যান্স বলেন, ট্রাম্পের কৌশলে কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো এবং অর্থনৈতিক স্বনির্ভরতা জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের পক্ষেও যুক্তি দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তাঁর দাবি, শি ট্রাম্পকে সম্মান করেন, কারণ তিনি মার্কিন প্রেসিডেন্টকে দৃঢ় ও বুদ্ধিমান নেতা হিসেবে দেখেন। ভ্যান্স বলেন, ট্রাম্পের চীননীতি মূলত যুক্তরাষ্ট্রের নিজস্ব সম্পদ ও উৎপাদনব্যবস্থার ওপর মার্কিন নিয়ন্ত্রণ বাড়ানোর কৌশল। তাঁর মতে, এই পদ্ধতি সফল হচ্ছে।

সাক্ষাৎকারে তৃতীয় কোনো দেশের মাধ্যমে চীনের হাতে উন্নত মার্কিন সেমিকন্ডাক্টর প্রযুক্তি পৌঁছানোর আশঙ্কা নিয়েও কথা বলেন ভ্যান্স। বিশেষ করে এনভিডিয়া এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে ঘিরে এ বিষয়ে উদ্বেগের প্রসঙ্গ উঠে আসে।

ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের বিষয়ে প্রশ্ন করা হলে ভ্যান্স বলেন, ওই নারী চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন কি না, তা তিনি বা ট্রাম্প কেউই জানেন না। তবে তাঁর মতে, মূল উদ্বেগের জায়গা এটি নয়। বরং যুক্তরাষ্ট্রের শিল্পভিত্তি পুনর্গঠন, গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও অবকাঠামো সুরক্ষাই বেশি জরুরি।

যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ এড়িয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে উন্নত এনভিডিয়া চিপ চীনে পৌঁছানোর সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে। এ বিষয়ে উদ্বেগের কথা স্বীকার করে ভ্যান্স বলেন, এ ধরনের ঝুঁকি নিয়ে সতর্ক থাকা সরকারের দায়িত্ব।

তিনি ব্যাখ্যা করেন, কিছু প্রতিষ্ঠান তৃতীয় দেশে ব্যবসায়িক কার্যক্রম গড়ে তোলে মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ এড়াতে এবং চীনের সঙ্গে তাদের প্রকৃত ব্যবসায়িক সম্পর্ক আড়াল করতে। এ ধরনের তৎপরতা ঠেকাতে সরকারকে নজরদারি অব্যাহত রাখতে হবে।

ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করলেও তা এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। এসব প্রতিষ্ঠান চীনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা গোপন করার চেষ্টা করে। তাই এ বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত