আবাসন সংকটে ফুঁসে উঠেছে স্পেনের রাজপথ

স্পেনে তীব্র আবাসন সংকট এবং সাশ্রয়ী মূল্যে বাসস্থান পাওয়ার দাবিতে দেশটির বিভিন্ন শহরে রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। গত শুক্রবার দেশটির পার্লামেন্টে জরুরি আবাসন আইন পাস করতে সরকার ব্যর্থ হওয়ার পরই মূলত এই জনরোষের বিস্ফোরণ ঘটে।

এরই জেরে শনিবার মাদ্রিদ, ভ্যালেন্সিয়া ও বার্সেলোনার মতো প্রধান শহরগুলোতে প্রায় ৫০টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ চলাকালে ভ্যালেন্সিয়া শহরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

সম্প্রতি অতিরিক্ত ভাড়া মেটাতে না পারায় ৮৭ বছর বয়সি এক প্রবীণ নারীকে বাসা থেকে উচ্ছেদ করা হয়। এই অমানবিক ঘটনার পরই দেশজুড়ে তীব্র ক্ষোভ ও আন্দোলনের সূত্রপাত ঘটে।

বিক্ষোভকারীরা অবিলম্বে কম ভাড়া নিশ্চিতকরণ, উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ এবং 'ভালচার ফান্ড' বা চিল-শিকারি তহবিলের মাধ্যমে সম্পত্তি কেনাবেচায় নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছেন।

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বামপন্থী জোট সরকারের পতন কিংবা আগাম নির্বাচনের জল্পনা জোরদার হয়েছে।

সূত্র: বিবিসি