বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ: অনুসন্ধান চলছে

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ এএম

বারমুডা থেকে বোস্টন যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরের ওপর ৬ জন আরোহীসহ একটি কানাডীয় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যানটাকেট উপকূলের কাছাকাছি অঞ্চলজুড়ে বিমানটির সন্ধানে এখন ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

নিখোঁজ বিমানটি গালফস্ট্রিম জি১০০ মডেলের একটি টুইন-ইঞ্জিন বিজনেস জেট, যা কানাডার অন্টারিওভিত্তিক ‘ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্স’ পরিচালনা করে আসছিল। 

শুক্রবার রাতে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমানটির গন্তব্য ছিল বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর।

ফ্লাইটের সময় মাত্র দুই ঘণ্টার হলেও পথিমধ্যেই হুট করে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সঙ্গে এর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর শনিবার ভোরে মার্কিন উপকূলরক্ষী বাহিনী (ইউএসসিজি) বিষয়টি নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে এয়ার-সি উদ্ধার অভিযান শুরু করে।

মার্কিন কোস্টগার্ডের তথ্যমতে, ম্যাসাচুসেটসের ন্যানটাকেট উপকূলের দক্ষিণ মহাসাগরীয় এলাকাকে কেন্দ্র করে আকাশ ও জলপথে একযোগে সমন্বিত অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে একাধিক হেলিকপ্টার, বিমান ও উদ্ধারকারী নৌযান যুক্ত রয়েছে।

বিমানটিতে মোট চারজন ক্রু সদস্য এবং দুইজন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে বিমানটির সঠিক অবস্থান, নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ কিংবা আরোহীদের নাম-পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, এফএএ-র কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পরপরই তাদের বিশেষ দল অভিযানে নেমেছে। মহাসাগরে তল্লাশি অব্যাহত রয়েছে এবং নতুন কোনো তথ্য পাওয়ামাত্রই তা গণমাধ্যমকে জানানো হবে।

সূত্র: মার্কিন কোস্টগার্ড

এইচএন
আরও পড়ুন