ইরাককে ‘ইরানের প্রদেশ’ বললেন মার্কিন আইনপ্রণেতা

ইরাক কার্যত ইরানের নিয়ন্ত্রণে রয়েছে-এমন অভিযোগ করেছেন মার্কিন প্রতিনিধি জো উইলসন। ইরান-সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (PMF)-এর সদস্যদের মার্কিন পতাকার ওপর দিয়ে হাঁটার ছবি প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উইলসন বলেন, ইরাকের সরকারি নিরাপত্তা কাঠামোর আনুষ্ঠানিক অংশ PMF-এর সদস্যদের মার্কিন পতাকার অবমাননা করতে এবং ইরানের ‘হত্যাকারী শাসনের’ প্রশংসা করতে দেখা গেছে।

তিনি আরও লেখেন, “ইরাক যে ইরানের একটি প্রদেশ—এর চেয়ে বেশি প্রমাণের প্রয়োজন হলে…” এরপর ইরাকের প্রধানমন্ত্রী জাইদিকে উদ্দেশ করে তিনি প্রশ্ন করেন, আমেরিকা সম্পর্কে তার অবস্থান কী। একই সঙ্গে ইরাককে ইরানের প্রভাবমুক্ত করার আহ্বান জানান তিনি।

পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা PMF আনুষ্ঠানিকভাবে ইরাকের নিরাপত্তা ব্যবস্থার অংশ। তবে এর মধ্যে ইরান-সমর্থিত বেশ কয়েকটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যাদের তেহরানের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে।

উইলসনের মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরাকের নিরাপত্তা কাঠামোয় ইরানের প্রভাব এবং PMF-এর ভূমিকা নিয়ে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হচ্ছে।