শত্রুপক্ষ আবারও ভুল করলে ইরানের সশস্ত্র বাহিনী আগের চেয়ে আরও কঠোর ও বিধ্বংসী জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, শত্রু ও তাদের সমর্থকদের বিরুদ্ধে ইরানের পাল্টা জবাব ভৌগোলিক সীমারেখার মধ্যেও সীমাবদ্ধ থাকবে না।
ইরানের ‘ফাউন্ডেশন ফর প্রিজারভেশন অব ওয়ার্কস অ্যান্ড পাবলিকেশন অব ভ্যালুজ অব দ্য সেক্রেড ডিফেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স’-এর বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমের প্রদর্শনী পরিদর্শনকালে এসব কথা বলেন জেনারেল হাতামি। ইরানের ওপর চাপিয়ে দেওয়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধের স্মৃতি, নথি ও মূল্যবোধ সংরক্ষণে প্রতিষ্ঠানটির উদ্যোগের প্রশংসাও করেন তিনি।
হাতামি বলেন, শত্রুপক্ষ অতীতে একবার ভুল করে ইরানে হামলা চালিয়েছিল। এর ফলে তারা নিজেরাই সংকট ও হতাশার মধ্যে পড়ে যায়। একই ভুল আবার করলে ইরানের জবাব হবে আরও কঠোর, আরও ব্যাপক এবং আগের চেয়ে বেশি বিধ্বংসী। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারদের প্রতি সর্বোচ্চ নেতার নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী এ জবাব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে ইরানের সেনাপ্রধান বলেন, দেশটির জনগণ যখনই কোনো শত্রুর আগ্রাসনের মুখে পড়েছে, তখনই শক্তি ও দৃঢ়তার সঙ্গে তা মোকাবিলা করেছে। প্রতিবারই শত্রুপক্ষের পরিকল্পনা নস্যাৎ করতে সক্ষম হয়েছে তারা।
তিনি আরও বলেন, ইরানের স্থল, নৌ, আকাশ প্রতিরক্ষা ও বিমানবাহিনী শত্রুপক্ষের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানোর কাজও অব্যাহত রয়েছে।
ইরানের ওপর চাপিয়ে দেওয়া প্রথম যুদ্ধটি ছিল ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেনের সরকারের সঙ্গে দেশটির যুদ্ধ। দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধ ইরানের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে সংঘটিত হয়। এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকেরা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: মেহর নিউজ
গাজা যুদ্ধে ইসরায়েলের স্বার্থ নয়, নিজের স্বার্থ দেখেন নেতানিয়াহু: বাইডেন
‘এভাবে অনির্দিষ্টকাল যুদ্ধবিরতি টিকবে না’