বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম 

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের বিনিময় মূল্য এবং সরকারি ট্রেজারি বন্ডের ইয়েল্ড কমে যাওয়ায় স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী হয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা এখন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সিদ্ধান্ত সংক্রান্ত কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ০.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪,১৫৫.৩৪ ডলারে। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের জন্য গোল্ড ফিউচারের দাম ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪,১৮২.৩০ ডলারে বিক্রি হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ফ্রান্সের বন্ডবাজারের সাম্প্রতিক অস্থিরতা এবং মার্কিন ট্রেজারি বাজার নিয়ে উদ্বেগের ফলে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগের চাপ আশানুরূপ বৃদ্ধি পেয়েছে।

সাময়িকভাবে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইয়েল্ড ও মার্কিন ডলারের সূচক কিছুটা নিচে নামায় অন্যান্য দেশের মুদ্রা ব্যবহারকারীদের জন্য ডলারে কেনাবেচা হওয়া স্বর্ণ ক্রয় সহজতর হয়েছে।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের বাজেট ঘাটতি ও অতিরিক্ত সরকারি ঋণের কারণে বিশ্ববাজারে আতঙ্ক দেখা দিয়েছে, যার সরাসরি ইতিবাচক প্রভাব পড়েছে মূল্যবান এই ধাতুর ওপর।

এখন সবাই চোখ রাখছেন ফেডারেল রিজার্ভের পরবর্তী পদক্ষেপের দিকে। সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে এলে স্বর্ণের বাজারে বিনিয়োগ প্রবাহ আরও জোরদার হওয়ার পূর্বাভাস দিচ্ছেন খাতসংশ্লিষ্টরা।

সূত্র: রয়টার্স