এআই আতঙ্কে বিশ্ববাজারে ধস, উধাও ৯ লাখ কোটি ডলার

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ব অর্থবাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে শেয়ারবাজারের পাশাপাশি স্বর্ণ, তামা ও বিভিন্ন দেশের মুদ্রার দামেও পতন ঘটেছে। গত কয়েক মাস ধরে চলা দরপতন চলতি সপ্তাহে আরও তীব্র হয়েছে। এতে গত আগস্টে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর থেকে বিশ্ব শেয়ারবাজারের মোট বাজারমূল্য থেকে প্রায় ৯ লাখ কোটি ডলার কমে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দরপতনে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে এশিয়ার বাজারে। চলতি সপ্তাহে তাইওয়ানের শেয়ারবাজারে দর কমেছে ১৭ শতাংশ, যা ১৯৯০-এর দশকের শুরুর পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তিকে ঘিরে বিনিয়োগের উচ্ছ্বাসে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। এতে বাজারে অতিমূল্যায়ন বা বুদ্‌বুদ তৈরির আশঙ্কা দেখা দেয়। বছরের মাঝামাঝি সময় থেকেই এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রসহ বড় অর্থনীতিগুলোতে সুদের হার বাড়ার সম্ভাবনা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলো আবারও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি শুরু করেন।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিও বাজারের অনিশ্চয়তা বাড়িয়েছে। চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধাক্কা খাওয়ায় দেশটিতে নতুন তথ্যকেন্দ্র বা ডেটা সেন্টার নির্মাণের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এআই প্রযুক্তি পরিচালনা ও সম্প্রসারণে এসব তথ্যকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর মধ্যে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগের খবরও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। এআই শিল্পের সম্প্রসারণ ও অর্থায়নে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় এ খবর বাজারে বাড়তি চাপ তৈরি করেছে।

বাজারে বিনিয়োগকারীদের উদ্বেগের প্রতিফলন দেখা গেছে যুক্তরাষ্ট্রের ভিআইএক্স সূচকেও। শুক্রবার সূচকটি ৩০ পয়েন্টে পৌঁছেছে, যা গত মার্চের শেষ দিকের পর সর্বোচ্চ। সাধারণত এই সূচকের ঊর্ধ্বগতি শেয়ারবাজারে অনিশ্চয়তা ও আতঙ্ক বৃদ্ধির ইঙ্গিত দেয়। পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে অর্থ সরিয়ে তুলনামূলক নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন।

শেয়ারবাজারের পাশাপাশি ধাতুর বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। এআই তথ্যকেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণে তামার ব্যাপক ব্যবহার রয়েছে। এ কারণে এআই খাতের সম্প্রসারণের প্রত্যাশায় ধাতুটির চাহিদা বেড়েছিল। কিন্তু চলতি সপ্তাহে তামার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এই পতন অব্যাহত থাকলে ২০২৫ সালের এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন হতে পারে।

নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের বাজারেও স্বস্তি নেই। শুক্রবার মূল্যবান ধাতুটির দাম প্রায় ১ শতাংশ কমে ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। তবে সাম্প্রতিক অস্থিরতার মধ্যেও তেলের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। প্রতি ব্যারেল তেল ৯০ থেকে ৯৪ ডলারের মধ্যে ওঠানামা করছে।

অন্যদিকে, শেয়ারবাজারের অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের চাহিদা বেড়েছে। নিরাপদ বিনিয়োগের আশায় বিনিয়োগকারীরা ট্রেজারি বন্ডের দিকে ঝুঁকছেন। ফলে দেশটির ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার চলতি সপ্তাহে ১৭ বেসিস পয়েন্ট কমেছে। সাধারণত বন্ডের চাহিদা বাড়লে এর দাম বাড়ে এবং সুদহার কমে যায়।

এদিকে বিশ্ববাজারে মার্কিন ডলারের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। বিশ্বের প্রধান ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের মূল্য পরিমাপক সূচক চলতি সপ্তাহে ১৯ মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরে ইউরোর বিপরীতে ডলারের দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ, জাপানি ইয়েনের বিপরীতে ৩ শতাংশ এবং ব্রিটিশ পাউন্ড, কানাডীয় ডলার ও নিউজিল্যান্ড ডলারের বিপরীতে ৪ থেকে ৫ শতাংশ।

উদীয়মান অর্থনীতির দেশগুলোর মুদ্রাও চাপের মুখে পড়েছে। চলতি মাসে ব্রাজিলের মুদ্রার মূল্য ৮ শতাংশের বেশি কমেছে। অন্যদিকে এআই প্রযুক্তির বিকাশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ইসরায়েলের মুদ্রা শেকেলের দাম কমেছে প্রায় ৫ শতাংশ।

সব মিলিয়ে এআই খাতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, সুদের হার বাড়ার আশঙ্কা এবং রাজনৈতিক পরিস্থিতির প্রভাব বিশ্ববাজারে নতুন অস্থিরতা তৈরি করেছে। প্রযুক্তি খাতে অতিরিক্ত বিনিয়োগের মূল্যায়ন নিয়ে প্রশ্ন ওঠায় বিনিয়োগকারীরা ঝুঁকি কমাতে শুরু করেছেন। এর প্রভাব পড়েছে শেয়ার, স্বর্ণ, তামা ও বিভিন্ন দেশের মুদ্রাবাজারে।


সূত্র: রয়টার্স।

 

বিএইচবি
আরও পড়ুন
সর্বশেষপঠিত