পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযান, কারফিউ জারি

ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরের নাবলুসে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা (Wafa)-এর বরাত দিয়ে জানা গেছে, এই অভিযানে শহরে কারফিউ জারি করা হয়েছে, বেশ কয়েকজন বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে তৈরি বিভিন্ন স্মৃতিফলক গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে ওয়াফা জানায়, ভোর হওয়ার আগেই সামরিক জিপ, সাঁজোয়া যান এবং একটি বুলডোজার নিয়ে একাধিক দিক থেকে শহরে প্রবেশ করে ইসরায়েলি সেনারা এবং পুরো শহরে কারফিউ জারি করে। এ সময় আল-দাওয়ার, নর্দান মাউন্টেন, রাফিদিয়া এবং খালাত আল-আমুদসহ বিভিন্ন এলাকার বাড়িঘরে আকস্মিক হানা দিয়ে ব্যাপক তল্লাশি ও ভাঙচুর চালানো হয়।

অভিযানের সময় অন্তত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাংবাদিক ওমাইর ইস্তিয়েহ, দুই ভাই হামজা ও ওমর আল-কাকহান এবং ওসামা ও ইসলাম সালামেহ। এছাড়া ইসরায়েলি সামরিক বুলডোজার দিয়ে আল-দাওয়ার ও রাস আল-আইন এলাকার বেশ কয়েকটি স্মৃতিফলক ভেঙে ফেলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা