কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর সেটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। পরে রাশিয়ার কোস্টগার্ডের উদ্ধারকারী দল জাহাজটিতে থাকা ২৩ জন ভারতীয় নাবিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) কৃষ্ণ সাগরের রুশ উপকূলের কাছে এ ঘটনা ঘটে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী আফরাম্যাক্স রিও নামের জাহাজটিতে নাভাল ড্রোন আঘাত হানে। হামলার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।

বিবৃতিতে জানানো হয়, জাহাজটিতে মোট ২৩ জন নাবিক ছিলেন। রুশ কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর সময় পুরো জাহাজ আগুনে আচ্ছন্ন ছিল। আগুনের তীব্রতার কারণে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হলেও শেষ পর্যন্ত সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। জাহাজে থাকা সবাই ছিলেন ভারতের নাগরিক।

নাবিকদের উদ্ধারের পর রাশিয়ার দমকল বাহিনীর কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জাহাজটির আগুনে পুড়তে থাকা বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে। ছবিগুলোতে সাগরের পানির ওপর জাহাজটিকে আগুনে জ্বলতে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষ্ণ সাগর তীরবর্তী রিসোর্ট শহর সোচির কাছাকাছি সাইরিয়াস এলাকায় হামলাটি ঘটে। ঘটনার পর সাইরিয়াসের সব সৈকতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি। তবে জাহাজটির ওপর হামলার সঙ্গে ইউক্রেনের সংশ্লিষ্টতার বিষয়টি জোরালোভাবে আলোচনায় এসেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, রুশ অপরিশোধিত তেল পরিবহনের সঙ্গে জড়িত জাহাজগুলোর ওপর নজরদারি ও নিষেধাজ্ঞার অংশ হিসেবে আফরাম্যাক্স রিওকে এর আগেই ইউক্রেনের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।